কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। (১৪ সেপ্টেম্বর) সোমবার দুপুর ২ টায় বারঘরিয়া ইউনিয়নে আমানুল্লাহ (২৫) ও আরজু মিয়া (৪৩) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আমানুল্লাহ হাসনপুর গ্রামের ধনু মিয়ার পুত্র। কৃষক আরজু মিয়া ধীতপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির পুত্র।
মৃত আরজু মিয়া বাড়ির পাশের জমিতে দুই শ্রমিককে নিয়ে ধান রোপন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার সাথে থাকা আহত দুই শ্রমিককে ভর্তি করানো হয়।
হাসনপুর গ্রামের অপর কৃষক আমানুল্লাহ বাড়ির পাশের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
করিমগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।