সোমবার বিরলে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর বাস্তবায়নে সিডা এর অর্থায়নে ওয়াই-মুভস প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, শিক্ষা কর্মকর্তা মোহাঃ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, সোসাইটি ফর উদ্যোগ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুর রাজ্জাক, ইউপি সদস্য মিলন চন্দ্র রায়, আবদুর রাজ্জাক, আমেনা বেগম প্রমূখ।
প্রধান অতিথি শিশুদের যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, তা যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় তা তুলে ধরে বক্তব্য রাখেন।
এলাকার জনগণকে ওয়াই-মুভস প্রকল্প এর সাথে পরিচিত করা এবং এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা কামনা করার লক্ষ্য নিয়ে অবহিতকরণ সভায় দ্যা সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এ্যাজেন্সি (সিডা) এর অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) ২০১৯ জুন হতে ২০২৪ পর্যন্ত প্রকল্প গ্রহণ করেছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ মোস্তফা কামাল। তিনি জানান, ন্যাশনাল চিলডেনস্ টাস্ক ফোর্স এর সাথে ৬৪ টি জেলায় কাজ করছে। এর পাশাপাশি, ১৬ টি ইউনিয়নে বিশেষভাবে সুবিধাবঞ্চিত শিশু এবং বরগুনা জেলার ৬ টি উপজেলায় কাজ করছে। মূলতঃ ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) দিনাজপুর জেলার বিরল উপজেলার এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই প্রকল্প মেয়ে ও যুব মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে করে তারা সমাজে জেন্ডারভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে নিজেরা পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এর পাশাপাশি মেয়ে শিশুদের সমাজে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে কাজ করবে।
শিশু ও যুব নেতৃত্বাধীন নেটওয়ার্কগুলিসহ সুশীল সমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। এই জোটসমূহ যৌন প্রজনন স্বাস্থ্য ও জেন্ডারভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত অঙ্গীকারসমূহ/প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করতে সহযোগিতা করা।