বিরলের মাহমুদিয়া কাসিমুল উলুম মাদরাসা এর নতুন ভবনের শুভ উদ্বোধন ও নুরানী বিভাগের ছাত্রদের কুরআনের প্রথম সবক প্রদান উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ এশা মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব। সবক প্রদান করেন বাংলাদেশ কওমী মাদরাসা ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ রেজাউল করিম।
মাদরাসার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহার হোসেন এর সভাপতিত্বে ও মুহ্তামিম হাফেজ মাওঃ মোঃ জুবায়ের সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, চাউলিয়াপট্টি খানকায়ে রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মোঃ জসিম উদ্দীন।
প্রধান অতিথি’র বক্তব্যে কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব বলেন, দুনিয়াতে আমাদের প্রত্যেকটি কাজ করার আগে প্রস্তুতি গ্রহণ করতে হয়। পূর্ব পরিকল্পনা করতে হয়। ঠিক পরকালের জন্যও আমাদের দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে।
সবক প্রদানকারী হাফেজ মাওঃ মোঃ রেজাউল করিম বলেন, যারা সমাজে ভীতি সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে, তাঁরা আল্লাহ পাক ও আল্লাহ পাক এর রাসূল এর বিরোধিতা করে তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তির কথা পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। অর্থাৎ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত বড় ঘোষণা আর কোন ধর্ম গ্রন্থে আছে কিনা!
মুহ্তামিম হাফেজ মাওঃ মোঃ জুবায়ের সাঈদ বলেন, কুরআন এবং হাদীস মানুষের হৃদয় থেকে সুদ, ঘুষ, দূর্নীতি, চুরি, ডাকাতি হতে বিরত রাখে। সকল খারাপ ও মন্দ কাজ হতে বিরত রাখে। একজন চোরকে চুরি হতে, ডাকাতকে ডাকাতি হতে, সুদখোরকে সুদ হতে বিরত রাখতে এই কাজ এই অবদান কারা রাখলো। এই কুরআন রেখেছে। আর কুরআনের ছাত্ররা মাদরাসা হতে শিক্ষা অর্জন করে সমাজে তা ছড়িয়ে দেয় এবং দিয়ে যাচ্ছে। তাই মাদরাসাগুলো আপনাদের থেকে যা নেয়, তার থেকে বেশি অনেক বেশি সার্ভিস আপনাদেরকে দেয়।
যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বর্তমান সরকার কওমী মাদরাসার স্বীকৃতি ও মান মর্যাদা দিয়েছে। শুধু মান মর্যাদাই নয়, আমাদের মসজিদের ইমাম সাহেবদের করোনা কালে খোঁজ-খবর রেখেছে। নন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের জন্যও আর্থিক সহযোগিতা প্রদান করেছে। প্রত্যেকটি উপজেলায় একটি করে ইসলামিক রিসার্চ সেন্টার ও মসজিদ নির্মাণ করে দেশরত্ন শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি একজন ধর্মপ্রাণ নেত্রী। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্ত নব্য স্বাধীন দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেও দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এদেশে সকল ধর্মের মানুষ সৌহার্দপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এ সরকারের আমলেই নিজ নিজ ধর্মীয় উৎসবসমূহ পালন করতে পারে।