কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিদ্দিকুর রহমানকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে নিহত ইউপি সদস্যের বাড়ি থেকে দু’শ গজ দূরত্বে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিদ্দিকুর রহমানের সাথে পার্শ্ববর্তী সীমানার ফজলুর রহমান গং এর জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধিন আছে এবং বিরোধীয় জমির উপর ১৪৪ ধারা জারি করা আছে। এ বিরোধকে সামাজিক শালিস দরবারে নিষ্পত্তির লক্ষে বুধবার বিকালে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল খালেক সরকার রাজুর বাড়িতে একটি শালিস দরবার হয়। শালিস দরবারের পর সিদ্দিকুর রহমান জরুরী প্রয়োজনে কটিয়াদী সদরে আসে এবং রাত নয়টা সাড়ে নয়টার দিকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। প্রতিপক্ষ ফজলুর রহমান গং তার ছেলে এবং নাতিদের নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকে। সিদ্দিকুর রহমান বাড়ি থেকে দুইশত গজ দূরে নিরব স্থানে পৌঁছা মাত্র পিছন থেকে জাবরিয়ে ধরে গামছা দিয়ে তার মুখ বেধে উপুর্যোপোরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। প্রাণে বাঁচার জন্য সিদ্দিকুর রহমান ১৪-১৫গজ দূরে রাস্তার পাশে একটি বাড়ির আঙিনায় গিয়ে পড়ে গুংগ্রাতে থাকে। বাড়ির বৃদ্ধ লোকটি গুংগ্রানোর শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লোকটিকে দেখে চিৎকার দিয়ে নিজেও জ্ঞান হারিয়ে ফেলেন। চিৎকার শুনে আশপাশের লোকজনসহ নিহতের স্বজনেরা এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথি মধ্যে তার মৃত্যু হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল খালেক রাজু বলেন, বিরোধীয় জমি নিয়ে বহুবার শালিস দরবার হয়েছে। কিন্তু প্রতিবারই শালিস দরবারে প্রতিপক্ষ ফজলুর অযৌক্তির দাবীর বিষয়টি চলে আসে এবং তার বিপক্ষে যায়। গতকালও উভয় পক্ষের মাঝে শান্তি ফিরিয়ে আনার লক্ষে প্রতিপক্ষকে কিছু আর্থিক সুবিধা দিয়ে আপস মীমাংসার প্রস্তাব দিলে জমির মালিক সিদ্দিকুর রহমান তার বড় ভাইয়ের সাথে পরামর্শ করে জানাবেন বলে কিছু দিনের সময় নেন। এই অবস্থায় মাগরিবের সময় শালিস শেষ হবার দুই আড়াই ঘন্টা পরেই হামলার ঘটনা ঘটে।
নিহতের ছেলে শাকিল বলেন, দীর্ঘ ৫০ বছরের অধিক সময় থেকে সাফ কাওলা ক্রয়ের মাধ্যমে জমিটি আমরা ভোগদখলে আছি। ইদানীং প্রতিপক্ষ অনৈতিক লাভের উদ্দেশ্যে বিরোধ সৃষ্টি করে আমাদের জমি জোর জবর দখলের চেষ্টা করে। তারা সমাজের সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দরা রয়েছে। আমি তাদের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করছি।'
কটিয়াদী থানার ওসি এম এ, জলিল বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ঘর ফেলে রেখে পালিয়ে যায়। মামলা দায়েরের প্রস্তুতি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।