প্রায় সাড়ে ৪ লাখ জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে ৪শ’ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।
বুধবার দুপুরে পার্বতীপুরের তিস্তা ব্যারেজ ক্যানেলে পোনামাছ ছাড়ার কাজের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। পরে, পর্যায়ক্রমে উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি বিল, উপজেলা পরিষদ পুকুর, সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজ পুকুর ও সুবিল চাতরা বিলসহ ১২টি পয়েন্টে রুই, কাতলা ও মৃগেল জাতের ৪শ’ কেজি মাছের পোনা ছাড়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, সিনিয়র উপজেলা ম্যৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ, উত্তর পশ্চিম মৎস্য সম্প্রসারন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মুসা কালিমুল্লা, প্রশিক্ষণ কর্মকর্তা আঙ্গুরী বেগম ও সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
উত্তর পশ্চিম মৎস্য সম্প্রসারন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মুসা কালিমুল্লা বলেন, ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাশয়, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তির এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবছর পার্বতীপুর মৎস্যবীজ উৎপাদন খামার থেকে সঠিক ওজন, সাইজ এবং গুনগত মানসম্পন্ন রুই, কার্প, মাগুর, শিং, গুলসা টেংরা ও গলদা চিংড়ি জাতের পোনা উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।