নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে ইতালি। প্রথমার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন নিকোলো বারেলা। এর মাধ্যমে ইতালির দুই বছরের অপরাজিত থাকার রেকর্ড আরো এগিয়ে গেল। দিনের আরেক ম্যাচে লিগ বি’তে আর্লিং হালান্ডের দুই গোলে নর্দান আয়ারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। গত সপ্তাহে বসনিয়া-হার্জেগোভেনিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে নেশন্স লিগের মিশন শুরু করেছিল রবার্তো মানচিনির দল। এর মাধ্যমে আজ্জুরিদের ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড শেষ হয়। কিন্তু আমাস্টারডামে স্বাগতিক নেদারল্যান্ডকে পরাজিত করতে বেগ পেতে হয়নি মানচিনি শিষ্যদের। ইন্টার মিলানের মিডফিল্ডার বারেলা হেডে দলের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ইটালিয়ান তারকা উইঙ্গার লোরেনজো ইনসিগনে বলেছেন, ‘পুরো দলই আজ দুর্দান্ত খেলেছে। খেলার মধ্যে একটা ভিন্ন মাত্রা ছিল। এই ফলাফলে আমরা সবাই খুশি, বিশেষ করে পারফরমেন্সে। আমরা হয়তো আরো গোল দিতে পারতাম। কিন্তু তারপরেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটাই গুরুত্বপূর্ণ।’ যদিও প্রথমার্ধে মিডফিল্ডার নিকোলো জানিয়োলোর হাঁটুর ইনজুরি ইতালিকে শঙ্কায় ফেলেছে। গুরুতর হাঁটুর ইনজুরি কাটিয়ে এবারের গ্রীষ্মেই মাঠে ফিরেছিল রোমার এই মিডফিল্ডার। এই জয়ে ইতালি লিগ-এ’র গ্রুপ-১’র শীর্ষে উঠে এসেছে। গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ড বসনিয়াকে ২-১ গোলে পরাজিত করে প্রথম পয়েন্ট অর্জন করেছে। কালও পোলিশ দল থেকে বিশ্রাম দেয়া হয়েছিল তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কিকে। পেনাল্টি থেকে ২৪ মিনিটে হারিস হারডানোভিচ বসনিয়াকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু কামিল গিলকের শক্তিশালী হেডে পোল্যান্ড সমতায় ফিরে বিরতিতে যায়। এরপর ৬৭ মিনিটে কামিল গ্রোসিকির গোলে পোলিশদের জয় নিশ্চিত হয়। অস্ট্রিয়াক ৩-২ গোলে পরাজিত করে লিগ-বি’র গ্রুপ-১’র শীর্ষে উঠে এসেছে রোমানিয়া। রোমানিয়ার হয়ে গোলগুলো করেছেন ডেনিস িেআবক, ড্রাগোস গ্রিগর ও আলেক্সানদ্রু ম্যাক্সিম। স্বাগতিকদের হয়ে ১৭ মিনিটে ক্রিস্টোফ বামগার্টনার সমতা ফেরান। এরপর ৮০ মিনিটে কারিম ওনিসিয়ো অস্ট্রিয়ার হয়ে একগোল শোধ করলেও তা পরাজয় রুখতে পারেনি। এই গ্রুপের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার হালান্ডের নৈপুন্যে বড় জয় তুলে নিয়েছে নরওয়ে। অস্ট্রিয়ার কাছে প্রথম ম্যাচে পরাজিত নরওয়ে এর মাধ্যমে টুর্নামেন্টে প্রথম জয় পেল। বেলফাস্টে ম্যাচের দুই মিনিটেই মোহামেদ এলইউনুসির গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। কিন্তু চার মিনিট পরেই নর্দান আয়ারল্যান্ডের হয়ে সমতা ফেরান প্যাডি ম্যাকনায়ার। পরের মিনিটেই হালান্ডের গোলে আবারো এগিয়ে যায় নরওয়ে। এরপর পরপর দুই গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন আলেস্কান্দার সোরলোথ। ৫৮ মিনিটে হালান্ড নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় পায় নরওয়ে। অনভিজ্ঞ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করে লিগ-বি’র গ্রুপ-২’এ শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। রোববার দুজন স্টাফের দেহে কোভিড-১৯ সনাক্ত হওয়ায় চেক স্কটিশদের বিপক্ষে সম্পূর্ণ নতুন ২১জন খেলোয়াড়ের নাম ঘোষনা করে।