দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার শালখুরিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশের ধান খেতের উপর একটি ছোট ক্যানেলে রোববার ভোরে আবু মুসা (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে। সে উপজেলার শালখুরিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শালখুরিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুক্ত বিভাগের ছাত্র এবং উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের ভ্যানচালক শাহিন মিয়ার ছেলে। লাশের বাম হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা ধারণা করছেন কে বা কারা তাকে হত্যা করে লাশ ক্যানেলের মধ্যে ফেলে রেখেছে।
মাদ্রাসার মুহতামিম জানান, “ভোরে ফজর নামাজের জন্য তিনি সকল শিক্ষার্থীর সাথে ওই শিশুকেও ঘুম থেকে তুলে দেন। তবে ফজর নামাজের পর ক্লাস শুরু হলে তাকে দেখা যায়নি। স্থানীয় একজন ক্যানেলের পাশ দিয়ে ঘাস কাঁটার জন্য মাঠে যাওয়ার সময় আবু মুসার লাশ দেখতে পেয়ে আমাকে সংবাদ দিলে আমি পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনা জানিয়ে দেই।”
পুলিশ জানায়, “রোববার ভোরে শালখুরিয়া গ্রামের ওই মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশের ক্যানেলে আবু মুসা’র লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নবাবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরে দিনাজপুর পিবিআই ও সিআই ডি সদস্যরা ঘটনাস্থলে লাশ পর্যবেক্ষণ করার পর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।”