ত্রিমুখী আক্রোশের শিকার হয়েছেন দিনাজপুর ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম। বাসায় ঢুকে তাকে ও তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে সঙ্কটাপন্ন অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘোড়াঘাটের ইউএনওর দায়িত্ব গ্রহণের পর থেকে অন্যায়ের সাথে আপোশ করেননি ওয়াহিদা খানম। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন। এতে ক্ষমতাসীন দলীয় সন্ত্রাসীদের রোষানলের শিকার হন তিনি। হত্যার উদ্দেশ্যেই তাকে আক্রমণ করা হয়েছিল। তার ওপর হামলার কারণ খুঁজতে গিয়ে তিনটি বিষয় সামনে আসে।
প্রথমত, ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত ছিল মাদক চোরাচালানের নিরাপদ রুট। কিন্তু ইউএনওর তৎপরতায় মাদককারবারিরা বিশেষ সুবিধা করতে পারছিল না। এ কারণে দীর্ঘ দিন ধরেই ওয়াহিদা খানমের ওপর ক্ষুব্ধ ছিল মাদককারবারিরা।
দ্বিতীয়ত, করোনামহামারীতে তার এলাকায় ত্রাণ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযান চালিয়ে সেসব ত্রাণ উদ্ধার এবং অভিযুক্তদের বরখাস্ত করেন ইউএনও ওয়াহিদা খানম। এ কারণেও তার প্রতি ক্ষুব্ধ ছিলেন বরখাস্ত ও ত্রাণ আত্মসাতে জড়িতরা।
তৃতীয়ত, ঘোড়াঘাটে জমি দখল, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি, অবৈধভাবে বালু তোলাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছেন ওয়াহিদা খানম। এসব অপরাধে জড়িত কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিয়মিত হুমকি দিত ইউএনওকে। তারাও চরম ক্ষুব্ধ ছিল এই ইউএনওর প্রতি। এই ত্রিমুখী ক্ষোভের কারণেই ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা ঘোড়াঘাটের সচেতন নাগরিকদের।
আপাতত বিদেশ নিতে হবে না ওয়াহিদাকে : দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম দেহের ডান পাশ নড়াচড়া করতে পারছেন না। ভয় আছে ইনফেকশন নিয়েও। এ ছাড়া আপাতত তার আর কোনো সমস্যা নেই। এটা থেকে সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ও ওয়াহিদার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা: জাহিদ হোসেন। তিনি জানান, ওয়াহিদা খানমের অনুভূতি আছে, কথাও বলতে পারছেন। তবে ভয় ইনফেকশন (সংক্রমণ) নিয়ে। ইনফেকশন না হলে শারীরিক অবস্থার উন্নতিটা স্বাভাবিক হবে।
মেডিক্যাল বোর্ডের মিটিং শেষে শনিবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশনের পর তিনি কথা বলতে পারছেন। বর্তমানে তার অনুভূতি আছে, তবে শক্তি নেই। ডান হাত, ডান পা উঠাতে পারছেন না। তার মাথার অংশটা কাটা ছিল এবং ময়লা ছিল অনেক, ফলে ওই জায়গাটাতে ইনফেকশন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকেরা এখন ইনফেকশন নিয়েই চিন্তা করছেন।
চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে এসে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত তাকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রয়োজন নেই, তবে সংক্রমণের শঙ্কা আছে। ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের মধ্যে ৩৭ ঘণ্টা পার হয়েছে। তার বাবা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২ সেপ্টেম্বর রাতে বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদাকে বৃহস্পতিবার ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়।
ওয়াহিদার বাবার শরীরের অর্ধাংশ অবস : ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের (৬৫) কোমরের নিচের অংশ পুরোটাই অবস হয়ে গেছে। কথা বলতে ও খেতে পারলেও চলাচল করতে পারছেন না তিনি। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও পুরোপুরি সেরে উঠতে তার দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার ইউএনওর ভাই শেখ ফরিদ উদ্দীন এসব তথ্য জানান। গত বৃহস্পতিবার রাতে ওমর আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ড থেকে তিনতলার ভিআইপি কেবিনে নেয়া হয়েছে। তিনি জানান, তার বাবা ডায়াবেটিসের রোগী। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাত পান। গুরুতর এ আঘাতে হাত-পা অবস হয়ে গেছে। তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ অবস হয়ে গেছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো জানান, সাধারণত এ ধরনের সমস্যা সেরে উঠতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। একটি চিকিৎসক দলের মাধ্যমে তার চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।