পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলীর নেতৃত্বে পদ্মা নদীর সাতবাড়ীয়া, হাজার বিঘারচর, নারুহাটি, ভাটপাড়া, মহনপুর, মহব্বতপুর, কামারহাট, নাজিরগঞ্জ, বড়খাপুর ও হাসামপুর এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী ড্রেজার ধ্বংস এবং একটি বালু ভর্তি বলগেট বিকল করে ফেলা হয়। ধ্বংসকৃত ড্রেজারের মূল্য প্রায় ৮লাখ টাকা। তবে এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী জানান, দীর্ঘদিন এলাকার কতিপয় অসাধু ব্যক্তি পদ্মা নদীর ওই সকল পয়েন্ট থেকে শক্তিশালী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি জেলা এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হলে ওইদিন তা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।