বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালতে একটি মামলা করা হয়েছে। আজিজুল হক নামের এক ব্যবসায়ী এই মামলা করেন। তিনি বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (২ সেপ্টেম্বর) এই মামলার তদন্তভার বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গত ২০ আগস্ট আদালতে এজাহার জমা দেওয়া হয়।
মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই দুইজন আসামি হলেন শহরের গোয়ালগাড়ী এলাকার সৈয়দ শফিউল আলম(৩৮) ও সুলতানগঞ্জ এলাকার মাহবুব শেখ।
মামলায় সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, অভিযুক্ত শফিউল ও মাহবুব ব্যবসায়ী আবদুল আজিজুলের কাছে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দাবি করেন। গত ১৬ আগস্ট শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় আজিজুলের ব্যবসায় প্রতিষ্ঠানে যান অভিযুক্ত দুইজন। সেখানে আজিজুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু আজিজুল তাদের টাকা দেননি। পরে শফিকুল ও মাহবুব তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরদিন ১৭ আগস্ট দিনগত রাত দেড়টার দিকে আজিজুলের বাড়িতে সহযোগিদের নিয়ে হামলা চালান শফিকুল ও মাহবুব।
এ সময় আজিজুলের বাড়িতে চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন হামলাকারীরা। আত্মরক্ষার্থে আজিজুল তার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রধান আসামি শফিকুলকে আটক করে।
মামলার নথিতে উল্লেখ রয়েছে, প্রধান আসামি শফিকুলকে আটকের পর আজিজুল হক থানায় মামলা করতে যান। কিন্তু সে সময় পুলিশ মামলা নেয়নি। মামলা না হওয়ায় শফিকুলকে গত ১৮ আগস্ট ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। শফিকুল ওই দিনই জামিনে বের হয়ে আসেন।
গত ২০ আগস্ট আদালতে মামলা করেন আজিজুল হক। সেই মামলায় আজ তদন্ত করার নির্দেশ দেন আদালত।