বকেয়া বেতন-ভাতা ও কমিশনসহ ১৪ দফা দাবিতে প্রাণ-আরএফএলের শতাধিক বিক্রয় কর্মী (এসআর) বগুড়া সেলস অফিসে তালা দিয়ে কর্মবিরতীর ঘোষণা দেয়। পরে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা বিক্ষোভ কর্মসূচির স্থগিত করেন। এর আগে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ টার পরে বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় প্রাণ-আরএফএলের সেলস অফিসে তালা লাগিয়ে দিয়ে এই বিক্ষোভ শুরু করেন বিক্রয় কর্মীরা।
এসময় কর্মীরা অভিযোগ করেন, তারা দুইমাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। কয়েক মাস ধরে তাদের টিএডিএ বন্ধ রয়েছে। তাদেরকে নিয়মিত কমিশনও দেয়া হয় না। কর্মরত থাকার পরেও তাদের দেখানো হয় অনুপস্থিত।
তারা জানান, বগুড়া সেলস অফিস থেকে ৩৪টি গ্রুপের অধীনে ৬৮০ জন কর্মীর মাধ্যমে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলায় প্রাণ-আরএফএলের পণ্য বাজারজাত করা হয়। বুধবার সকাল থেকে চার জেলায় কর্মরত বিক্রয় প্রতিনিধিরা কাজ বন্ধ করে দিয়েছেন। আর তারা বগুড়া অফিসে ১৪ দফা দাবি নিয়ে অবস্থান নিয়ে অফিসে তালা ঝুঁলিয়ে দেন।
জানতে চাইলে বগুড়া প্রাণ-আরএফএল সেলস অফিসের টেরিটরি সেলস ম্যানেজার (প্রশাসন) আবদুল আউয়াল জানান, বিক্রয় প্রতিনিধিদের (এসআর) বকেয়া বেতন-ভাতা তারা আগামীকাল বৃহস্পতিবার পেয়ে যাবেন। তাদের অন্য দাবিগুলো আমাদের ঊর্দ্ধতন কর্মকর্তা জানানো হবে। এ বিষয়ে তারাই ( ঊর্দ্ধতন কর্মকর্তারা) সিদ্ধান্ত নিবেন।