বগুড়ায় ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন বড় ভাই। বুধবার জেলার শাজাহানপুর উপজেলায় এই মামলা করা হয়। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম আবদুল হান্নান (৫৪)। হান্নান শেরপুর উপজেলার স্যান্নাল পাড়ার বাসিন্দা। মামলার বাদী গ্রেফতার ব্যক্তির বড় ভাই আবদুল মান্নান (৬২)। তিনি সদর উপজেলার জামিল নগর এলাকার জানে সাবা হাউজিংয়ে বসবাস করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট মামলার বাদী আবদুল মান্নান শেরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। এ সময় ছেলে ডা. আবদুর রব ওরফে রায়হান ও তার স্ত্রী সাথে ছিলেন। দাওয়াত শেষে বগুড়ায় ফিরে আসার পথে শাজাহানপুর উপজেলার নয়মাইল স্ট্যান্ডে তারা থামেন। সেখানে রায়হান তার চাচা আবদুল হান্নানের সাথে কথা বলার যান। রায়হান তাদের দোকানের ভাড়াটিয়াদের বের করে দেয়ার কারণ জানতে চান।
কিন্তু রায়হানের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একসময় আবদুল হান্নান কাঁচের গ্লাস নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হয়ে পড়েন। তখন রায়হানের বাবা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে এ বিষয়ে শাজাহানপুর থানায় অভিযোগ করলে বুধবার তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজীম উদ্দিন জানান, হামলার ঘটনায় মঙ্গলবার আসামি আবদুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।