১ সেপ্টেম্বর/২০২০ মঙ্গলবার বিরল প্রেস ক্লাবের জমি রেজিস্ট্রী সম্পন্ন হয়েছে। ১৯৯৬ খ্রিস্টাব্দে বিরল প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়া অবধি স্থায়ী কোন জায়গা না থাকায় বিরল প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর নিজ ব্যক্তি মালিকানাধীন ০৩ শতক জমি প্রেস ক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য দান করেছেন। বিরল সাব-রেজিষ্ট্রী অফিসে বিরল প্রেস ক্লাব সভাপতি বরাবরে মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এ জমি রেজিস্ট্রী দানপত্র দলিলমূলে হস্তান্তর করেন। ওই দানকৃত জমি বিরল পৌরশহরের হুসনা মৌজায় দিনাজপুর-বিরল (স্থল বন্দর) সড়কের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর দিকনির্দেশনা ও সহযোগিতায় ইতোমধ্যে ওই জমিতে ০৫ তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ কাজ চলমান এবং ১ম তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে বলে ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার নিশ্চিত করেছেন।