বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল আকন্দ (১৯) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল আকন্দ উপজেলার বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আল আমিনের ছেলে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শাকিল আকন্দ দীর্ঘদিন ধরে একই গ্রামের বাসিন্দা স্থানীয় গোসাইবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু বখাটের প্রেমে সাড়া না দিলে স্কুলছাত্রীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতে থাকে শাকিল। ফলে স্কুলছাত্রীর বাবা এ বিষয়টি নিয়ে শাকিল আকন্দের বাবার নিকট বিচারপ্রার্থী হোন।
কিন্তু বিচার না দিয়ে উল্টো স্কুলছাত্রীর উপর ক্ষুব্ধ হয়ে উঠে বখাটে শাকিল। একপর্যায়ে ২৮ মে বিকেলের দিকে বাড়ির পাশের রাস্তায় হাটাহাটি করতে থাকে ওই স্কুলছাত্রী। এ সময় বখাটে শাকিল ও তার সহযোগী সুজন জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে আটক রেখে ধর্ষণ করে বখাটে শাকিল।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১জুন শাকিল আকন্দসহ ৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫জুন নিলফামারী জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। এ ছাড়া সোমবার সন্ধ্যার দিকে গোসাইবাড়ী বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেফতারকরেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, 'অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পর আদালতে হাজির করা হলে সে ধর্ষিত হওয়ার বিষিয়টি নিশ্চিত করে জবানবন্দী দিয়েছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল আকন্দ স্কুলছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।