বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ৯ নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী শেখ উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এতে চেয়ারম্যান ও তার অনুসারি সদস্যরা বিভিন্ন ভাবে তাকে হয়রানি করছে। এর প্রতিবাদে শনিবার বেলা ১১টায় দুপচাঁচিয়া প্রেস ক্লাবে হয়রানির শিকার সদস্য শাহজাহান আলী শেখ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য শাহাজাহান আলী শেখ তার লিখিত বক্তব্যে বলেন, চামরুল ইউনিয়ন পরিষদের চেয়রম্যান শাহজাহান আলী দীর্ঘদিন যাবত তার অনুসারি কয়েকজন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যকে সাথে নিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও পরিষদের অর্থ আত্মসাৎ করে আসছেন।
সদস্য শাহজাহান আলী শেখ এর প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার অনুসারিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ৪নং ওয়ার্ডের সদস্য আলফাজ হোসেন প্রামানিক ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতে থাকে। সদস্য শাহজাহান আলী শেখ এ ব্যাপারে গত ৮ আগস্ট শনিবার দুপচাঁচিয়া থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে। চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের মধ্যেস্থতায় গত ১০ আগস্ট সোমবার বিষয়টির মীমাংসা হয়। এরপর চেয়ারম্যান ও তার অনুসারিরা নতুনভাবে সদস্য শাহজাহান আলী শেখের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।
বিষয়টি সে জানতে পেরে গত ২৩ আগস্ট চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। চেয়ারম্যান ও তার সমর্থিত সদস্যরা বিষয়টি জানতে পেরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে গত ২৫ আগস্ট সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগমকে বাদী করে তার বিরুদ্ধে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরপরও চেয়ারম্যান ও তার সমর্থকরা সদস্য শাহজাহান আলী শেখের বিরুদ্ধে চৌকিদারকে বাদী করে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে সদস্য শাহজাহান আলী শেখ এর প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। সেই সাথে চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।