বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর এলাকার রানীদীঘি নামক একটি পুকুরের দুই নৈশ্য প্রহরীকে গত রবিবার দিবাগত রাতে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রেখে ১০/১২জনের একদল দুস্কৃতিকারীরা পুকুরে জাল দিয়ে সাড়ে ৪ লাখ টাকা মুল্যের প্রায় ৫০ মন রুই, কাতলা ও পাঙ্গাসের বড় মাছ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর এলাকার রানীদীঘি নামক একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিল। ওই পুকুরের মাছ দেখার জন্য তালসন গ্রামের সৌভাগ্য হালদার ও সাগরপুর গ্রামের নূরুল প্রমানিক নামের দ্ইু জনকে নৈশ্য প্রহরী হিসাবে রাখা হয়। গত রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে ১০/১২জনের একদল দুস্কৃতিকারীরা পুকুর পাড়ে থাকা দুই নৈশ্য প্রহরী সৌভাগ্য হালদার ও নূরুল প্রমানিক কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে পুকুরে জাল নামিয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের প্রায় ৫০ মন রই, কাতল ও পাঙ্গাস মাছ মিনি ট্রাক যোগে চুরি করে নিয়ে যায়। এ বিষয়টি ওই ভোর রাতে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরোও জানান চোরদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।