বগুড়ার শেরপুরে মরিয়ম খাতুন (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের পর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এক মাস আগে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের সোলায়মান আলীর সঙ্গে ছোনকা গ্রামের নাসির হোসেনের মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে বিয়ে হয়। গত বৃহস্পতিবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন তিনি। একপর্যায়ে শনিবার দুপুরের দিকে বাড়ির একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী জানান, কী-কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে।