বগুড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩০আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন রংপুর কাউনিয়া উপজেলার মাহাবুব প্রামাণিক(৪৫), বগুড়া শহরের বাদুরতলা এলাকার সোহাগ(২৮) ও সোহান হোসেন ওরফে তুহিন(২০)।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় ডিবির একটি টিম বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি অভিযান চালায়। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আইনুল হক(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আইনুল হক নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা।
বগুড়ার ডিবি পুলিশের ওসি মো. আছলাম আলী জানান, গ্রেপ্তার হওয়া চারজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।