বগুড়ার গাবতলিতে ইউপি সদস্য মোয়াজ্জল হোসেনের বিরুদ্ধে একটি বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার( ২৮ আগস্ট) রাতে গাবতলি উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত এমাজ আলীর মেয়ে পারুলের বাড়িতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
এতে আহতরা হলেন, রিপন ও নুরনবী। এরা হামলাকারীদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগি পারুল বাদী হয়ে গাবতলি মডেল থানায় মামলা করেছেন।
ভুক্তভোগি পারুল জানান, পূর্ব শক্রতার জেরে ইউপি সদস্য মোফাজ্জল তার বাড়িতে হামলা চালায়। মোফাজ্জল তার বাহিনীসহ দেশিয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করেছে। এ সময় তাদের বাধা দিতে গেলে রিপন ও নুরনবী নামের দুইজরকে কুপিয়ে যখম করে হামলাকারিরা।
তিনি জানান, হামলাকারীরা মোটর সাইকেল, টেলিভিশন, আসবাবপত্র ভাংচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করেছে।
জানতে চাইলে মামলার বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিলো। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।