শোক দিবসের সভাকে কেন্দ্র করে সিংড়ার সাবেক এমপি ইয়াকুব আলীর পুত্র আশিক ইকবালকে (৪৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। এদিকে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে গণপিটুনি দিয়ে নন্দীগ্রাম থানায় দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন- সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের হাশেম আলী, মুন্নাফ হোসেন ও রবিউল ইসলাম নামের তিন আওয়ামী লীগ কর্মীকে জনতা আটক করে পুলিশে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সিংড়ায় ১৫ ও ২১ আগস্ট নিহত শহীদদের স্মরণসভার আয়োজন করে সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। সেই স্মরণসভায় সাবেক এমপি ছেলে আশিক ইকবালের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হন। এতে সুকাশ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক হালিম মো. হাসমত আলীসহ তার নেতাকর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এছাড়া সম্প্রতি লক্ষীখোলা গ্রামে আওয়ামী লীগ কর্মী শরিফুলের জমির ঘাষ কাটাকে কেন্দ্র করে আবদুল লতিফের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের সিংড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় রনবাঘা মাছ বাজারে আশিক ইকবালের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং হাত ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরে স্থানীয় জনতা ধাওয়া করে হামলাকারী আওয়ামী লীগ কর্মীদের আটক করে পুলিশে দেয়।
সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলী বলেন, তাদের গ্রামের মারধরের জেরে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা আওয়ামী লীগের কর্মী হলেও আমার লোক না। আমি কোনো ভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নই।
এ বিষয়ে সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেন, স্মরণসভায় আশিক ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার অনুষ্ঠানে উপস্থিত হয়। এরজের ধরেই বিতর্কিত কমিটির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলী হুকুমে নামধারী আওমী লীগের কর্মীরা এ হামলা করেছে।
নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, মারপিটের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।