চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহনের ধকল কাটিয়ে উঠার জন্য আরো সময় পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নবাগত লেনসের বিপক্ষে লীগ ওয়ানের দ্বিতীয় ম্যাচটিও বিলম্বে খেলার অনুমতি পেয়েছে তারা। গত রোববার লিসবনে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ফ্রেঞ্চ ফুটবল লীগ ঘোষণা করেছে পিএসজির শনিবারের উদ্বোধনী ম্যাচটি ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। নবাগত লেনস ও সম্প্রচারকারী চ্যানেল প্লাসের মধ্যে এক চুক্তির ভিত্তিতে এটি করা হয়েছে। গত শুক্রবার মিজের বিপক্ষে ম্যাচ দিয়ে লীগ ওয়ান শুরুর কথা ছিল চ্যাম্পিয়নদের। কিন্তু ম্যাচটি স্থগিত করা হয়। কারণ ওই সময় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলার জন্য লিসবনে অবস্থান করছিল ফরাসি চ্যাম্পিয়নরা। রোববার প্রথমবারের মত ফাইনালে অংশ নেয়া ক্লাবটি জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে সোমবার দেশে ফিরে আসে। শনিবার তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ছিল নবাগত লেনস। ওই ম্যাচটিও স্থগিত করার আহ্বান জানিয়েছিল পিএসজি। কারণ ওই ম্যাচে অংশ নিতে গেলে পিএসজির বিশ্রামের ঘাটতি হবে বলে মন্তব্য করেন কোচ থমাস টাচেল। লীগের এই অনুমোদনের ফলে আগামী ১০ সেপ্টেম্বর প্রমোটি লেনসের মোকাবেলা করবে পিএসজি। তিনদিন পর ১৩ সেপ্টেম্বর প্রাক দেস প্রিন্সেস সফর করবে মার্সেই। ১৬ সেপ্টেম্বর মিজের মোকাবেলা করতে পারবে পিএসজি। পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিলম্বের বিষয়টি নিয়ে তারা কারো সঙ্গে কোন রকম তর্কে জড়াতে চাননা। তবে বিশেষ পরিস্থিতির কারণে তাদের খেলোয়াড়দের বিশ্রাম পাবার অধিকার রয়েছে।