লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে স্থায়ী রূপ নিতে চলেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যার শিকার ৩৬ লাখের বেশি মানুষ। অন্যদিকে গত একদিনে কমেছে প্রাণহানি। তারপরও ভাইরাসটিতে ভুগে এখন পর্যন্ত ১ লাখ প্রায় ১৫ হাজার মানুষ পৃথিবী ছেড়েছেন। তবে আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগী ইতোমধ্যে পুনরুদ্ধার হয়েছেন। যদিও বর্তমানে কিছুটা কমেছে সুস্থতার হার।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় সোমবার সকালে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪৯৫ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৭৭২ জনে ঠেকেছে।
গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।