মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় পাচার প্রতিরোধ কমিটির কর্ম-পরিধির সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে সরকারী কর্মকর্তা এবং এনজিওর সমন্বয়ে উপজেলা পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় মোল্লাহাট জয়িতা সমবায় সমিতির সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান। ইনসিডিন বাংলাদেশের মোল্লাহাট প্রতিনিধি মোঃ ইকরাম হোসেন ও কর্মকর্তা সৈয়দ মারুফুল ইসলামের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি পল্লব বিশ্বাস ও লাকি রানী পাটোয়ারী, এনজিও দীপ্তি বাংলাদেশের প্রতিনিধি রুহুল আমীন, বাজার প্রতিনিধি মোঃ নাসিম মোল্লা, ইউপি সদস্য নাহিন আক্তার, যুব প্রতিনিধি মেঘলা ইসলাম ইভা, শিশু প্রতিনিধি তামজিদ মীর ও রিয়া মণি প্রমূখ।