দুই দিন বিরতির পর ক্রিকেটারদের একক অনুশীলন আবার শুরু হচ্ছে রোববার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন করে অনুশীলনে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। দেশের পাঁচ ভেন্যুতে চলবে অনুশীলন। আলাদা করে সবার সময় বেঁধে দিয়ে শনিবার পাঁচ দিনের সূচি প্রকাশ করেছে বিসিবি। পেটের সমস্যার কারণে এর আগে অনুশীলনে যোগ দেননি তামিম। বাঁহাতি এই ব্যাটসম্যান চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনেও। আগে থেকে শুরু করা সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেন, সাদমান ইসলাম, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব যথারীতি অনুশীলন চালিয়ে যাবেন মিরপুরে। মিরপুরের অনুশীলনে ব্যাটসম্যান যারা আছেন, তারা ইনডোর ও ইনডোরের আউটারে ব্যাটিং করতে পারবেন। রানিং ও জিমের জন্য ব্যবহার করতে পারবেন মূল মাঠ। বোলাররা বোলিং, রানিং ও জিমের জন্য ব্যবহার করবেন একাডেমি মাঠ। চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরি স্টেডিয়ামে অফ স্পিনার নাঈম হাসানের সঙ্গে অনুশীলন করবেন যথারীতি দুই ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি ও ইরফান শুক্কুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন তিন পেসার সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের মতোই থাকছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও দুই স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও মেহেদি হাসান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তর সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও ব্যাটসম্যান সাব্বির রহমান। নারী ক্রিকেটারদের মধ্যে গত সপ্তাহে মিরপুরে শুরু করা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, কিপার-ব্যাটার শামিমা সুলতানা, পেসার জাহানারা আলম, পেস বোলিং অলরাউন্ডার লতা ম-ল ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও অনুশীলন করবেন এখানে। খুলনায় অনুশীলন করবেন দুই অলরাউন্ডার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ভেন্যুতে থাকছেন না নারী ক্রিকেটারদের কেউ। বগুড়ায় অনুশীলন করবেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা ও ব্যাটার শারমিন সুলতানা। এ ছাড়া রংপুরে অনুশীলন করবেন ব্যাটার ফারজানা হক, সোবহানা মুস্তারি ও সানজিদা ইসলাম।