মৌসুমটা দুর্দান্ত কাটছে রবের্ত লেভানদোভস্কির। গোল করছেন, করাচ্ছেন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডকে সময়ের সেরাদের কাতারেই রাখছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। তবে পোলিশ এই তারকা লিওনেল মেসির পর্যায়ের নয় বলে মনে করেন তিনি। পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় ইউরোপ সেরার প্রতিযোগিতার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন ও বার্সেলোনা। চলতি মৌসুমে বুন্ডেসলিগার পর জার্মান কাপও ঘরে তুলেছে বায়ার্ন। দলের এই সাফল্যের অন্যতম কারিগর লেভানদোভস্কি। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে গোল করেছেন ৫৩টি। গোলসংখ্যায় তার চেয়ে অনেক পিছিয়ে সময়ের দুই সেরা ফুটবলার মেসি (৩১) ও ক্রিস্তিয়ানো রোনালদো (৩৭)। শেষ ষোলোর ফিরতি লেগে চেলসির বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন লেভানদোভস্কি। পাশাপাশি দুই সতীর্থের গোলে রাখেন অবদান। প্রথম লেগে ৩-০ ব্যবধানের জয়েও একটি গোল করেছিলেন তিনি, রেখেছিলেন অন্য দুই গোলে ভূমিকা। সব মিলে এবারের আসরে সর্বোচ্চ ১৩ গোল তার নামের পাশে। লেভানদোভস্কির সামর্থ্য সম্পর্কে জানা আছে সেতিয়েনেরও। তবে, শেষ আটের লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের দুই তারকা খেলোয়াড়কে নিয়ে তুলনা প্রসঙ্গে মেসিকে অন্য পর্যায়ে রাখলেন বার্সেলোনা কোচ। “লেভানদোভস্কি অসাধারণ এক ফুটবলার; তবে আমি মনে করি, সে লিওর পর্যায়ের নয়। এটা পরিষ্কার।” “এটা ঠিক, সে দুর্দান্ত ফর্মে আছে এবং সতীর্থদের কাছ থেকে সে ভালো সহায়তা পায়। সে দারুণ অবস্থায় আছে, তবে লিও সবসময়ের মতোই ভালো খেলছে। নাপোলির বিপক্ষে ইতোমধ্যে আমরা তা দেখেছি।” তবে, গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ফর্মে থাকা প্রতিপক্ষ স্ট্রাইকার ও নিজ দলের সেরা তারকাকে মাঠের লড়াইয়ে দেখার বিষয়ে রোমাঞ্চিত বোধ করছেন সেতিয়েন। “এটা দারুণ যে এই খেলোয়াড়রা মাঠে থাকবে এবং আমরা তাদের খেলা উপভোগ করতে পারব।” ঘরোয়া দুটি শিরোপাই হাতছাড়া করা বার্সেলোনা শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-২ অগ্রগামিতায় পরের রাউন্ডে ওঠে।