চেক প্রজতন্ত্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন। এ সময় আগুন দেখে ভয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ভবনটির পাঁচ বাসিন্দা। শনিবার দেশটির রাজধানী প্রাগ থেকে ৩০০ কিলোমিটার দূরে পোল্যান্ড সীমান্তবর্তী বোহামিন শহরের একটি ১৩ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছিল। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দমকল কর্মীরা বার্তা সংস্থাকে জানিয়েছেন, বোহামিন টাউন হলের মালিকানাধীন ভবনটির ১১ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই তলায় তিন শিশুসহ ছয়জন ও একটি কুকুর মারা গেছে। চেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাসেক জানিয়েছেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ১২ তলা থেকে লাফিয়ে পড়ে আরও পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া উদ্ধারকাজে অংশ নেয়া এক দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে এ হতাহহতের ঘটনাকে বিশাল ট্র্যাজেডি উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন চেক স্বরাষ্ট্রমন্ত্রী।