করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নব্বই দশকের সাবেক ছাত্রনেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. ফেরদৌস জামিল টুটুলের মৃত্যু হয়েছে। এছাড়াও টুটুল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকম-লীর সদস্যও ছিলেন। শুক্রবার (৭ আগস্ট) বিকাল তিনটার দিকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টুটুলের বাড়ি রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায়।
এ তথ্য নিশ্চিত করে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু জানান, করোনার উপসর্গ নিয়ে গত সোমবার ফেরদৌস জামিল টুটুল ও তার স্ত্রী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর নমুনা পরীক্ষা হলে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় ফেরদৌস জামিল টুটুলের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখা দিলে ওই হাসপাতালেরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এরপর আজ (শুক্রবার) বিকালে সেখানেই তিনি মারা গেছেন। মৃত্যুকালে নব্বই দশকের সাবেক এই ছাত্রনেতা এক ছেলে ও এক মেয়ের জনক রেখে গেছেন বলেও জানিয়েছেন দেবু।