ময়মনসিংহের গফরগাঁওয়ে সালমান(১৪) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের ফাঁসিতে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের চাঁনু মিয়া ওরফে চাঁনু পাগলার মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে সালমান বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির উঠানে লিচু গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খোঁজ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। এদের পরিবারে তিনজন মানসিক ভারসাম্যহীন রয়েছে।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ অনুকূল সরকার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।