কক্সবাজারে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। ঘটনার যে বিবরণ পুলিশ দিয়েছে, তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিতে দুই ঘণ্টা দেরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে হত্যা মামলা করেছে তাঁর পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে। মেজর সিনহা নিহতের ঘটনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ যৌথ প্রেস বিফ্রিং করেছেন। এ সময় সেনাপ্রধান বলেছেন, কক্সবাজারে গিয়ে তাঁরা সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা ও পুলিশের সিনিয়র অফিসারের সঙ্গে মতবিনিময় করেছেন। সশস্ত্র বাহিনী ও পুলিশ যে কোনো প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যে ঘটনাটি ঘটেছে তাতে সেনাবাহিনী ও পুলিশ মর্মাহত। তিনি বলেন, আমরা এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। অন্যদিকে আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ আধুনিক গণতান্ত্রিক দেশ। এখানে আইনের শাসন আছে। সংবাদমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বিচার বিভাগ মুক্ত। এ ঘটনা নিয়ে অনেকে উসকানিমূলক কথা বলার চেষ্টা করছেন। যারা উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে তাদের পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও আস্থার সম্পর্ক। মেজর (অব.) সিনহার মৃত্যুতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। কমিটি প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবে। কমিটি যে সুপারিশ দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও সেনাবাহিনীর এই সৌহার্দ্যপূর্ণ বক্তব্য স্বস্তিদায়ক। আমরা আশা করি এটি নিয়ে আর কোনও ধরণের দ্বন্দ্ব সৃষ্টি হবে না।
কক্সবাজারের মেরিন ড্রাইভ এরইমধ্যে একটি ভীতিকর এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, চালু হওয়ার কিছুদিনের মধ্যে স্বপ্নের মেরিন ড্রাইভ পরিণত হয় আতঙ্কের ‘ক্রসফায়ারের’ নিরাপদ এলাকা হিসেবে। পুলিশ ও র্যাবের হাতে মেরিন ড্রাইভে এত ব্যাপক হারে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে যে মেরিন ড্রাইভ এখন যেন ‘রোড টু ডেথ’-এর সমার্থক হয়ে উঠেছে। গত দুই বছরে শুধু মেরিন ড্রাইভেই অর্ধশতাধিক ‘ক্রসফায়ারের’ ঘটনা ঘটেছে। প্রকাশিত খবরের তথ্য মতে, মাদকবিরোধী অভিযানে ২০১৮ সালের মে মাস থেকে কক্সবাজারের টেকনাফে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ ১৬১ জন নিহত হয়েছে। এর বেশির ভাগ ঘটনাই ঘটে মেরিন ড্রাইভ এলাকায়। এলাকাটি ‘ক্রসফায়ার জোন’ হয়ে উঠলেও থামেনি ইয়াবার কারবার। এছাড়া টেকনাফের সীমান্ত এলাকায় ইয়াবাবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর আগে থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধেই ইয়াবা কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ ছিল। চলছিল ‘গ্রেপ্তার বাণিজ্য’। পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ একেবারেই নতুন নয়। অবৈধ উপার্জনের পথ হিসেবে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও পুলিশের গ্রেপ্তার বাণিজ্য থেমে নেই। এক শ্রেণির অসাধু পুলিশ সদস্য কৌশল খাটিয়ে ব্যবসায়ী ও তরুণদের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ আনছে। তাদের পকেটে বা জুতার ভেতরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করছে।
জননিরাপত্তার প্রধান দায়িত্ব পুলিশের। বিপদে-আপদে জনসাধারণ পুলিশের সাহায্য নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে একধরনের ভীতি রয়েছে। আবার এটাও সত্য যে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই করোনাকালে আমরা মানবিক পুলিশ বাহিনীকে দেখতে পেয়েছি। কিন্তু এই ঘটনাটি পুলিশকে আবার প্রশ্নবিদ্ধ করেছে। কয়েকজন সদস্যের কারণে একটি বাহিনী প্রশ্নবিদ্ধ হতে পারে না। কাজেই কক্সবাজারের এই অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এসে বিষয়টির দ্রুত নিষ্পত্তি দরকার।