স্কুল পড়-য়া কিশোর মাহমুদুল (১৩) বন্ধুদের সাথে ফুটবল খেলে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে ৫ আগস্ট বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে। সে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র।
স্বজনরা জানায়, উপজেলা সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের সৌদিআরব প্রবাসী নজরুল ইসলামের পুত্র মাহমুদুল তার প্রতিবেশী বন্ধুদের সাথে কলেজ মাঠে ফুটবল খেলায় অংশ নেয়। খেলা শেষে বেড়াতে আসা তার চাচাসহ সবাই মিলে কলেজ ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় একসাথে পানিতে গোসলের ছলে হৈ চৈ ও খেলা করতে থাকে। এক পর্যায়ে মাহমুদুলকে কেউ আর খোঁজে পাচ্ছিল না। জানাজানি হলে বহু খোঁজাখোজি করে তাকে পানি থেকে উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। বুধবার রাতেই তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার পিতা নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সৌদিআরবে চাকুরী করছেন। মৃত মাহমুদুলের মা এবং ছোট্র একটি বোন রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।