সরকার ঘোষিত কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ করা থাকলেও রাজশাহীতে এর বাস্তবায়ন ঘটেনি। গত বছরের তুলনায় এবার রাজশাহীতে কোরবানীর চামড়া বিক্রি হয়েছে পানিদরে। অথচ, কোরবানীর পশুর চামড়ার দাম ২০-২৯ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছিলো সরকার। কিন্তু সেই দামও না পাওয়ায় প্রতিবাদ হিসেবে পদ্মা নদীতে ক্রয়কৃত চামড়া ফেলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন অনেক মৌসুমি ব্যবসায়ী।
এ ঘটনায় প্রকৃত ব্যবসায়ীরা বলছেন, এবার তারাই ঠিকমতো বাজার বুঝতে পারেন নি। একদিনের জন্য চামড়া কিনতে আসা মৌসুমি ব্যবসায়ীরা বাজারের হালচাল বুঝতে পারেন নি। ফলে এসব ব্যবসায়ীরা লাভ তো পরের কথা, বিনিয়োগকৃত টাকা তুলতে পারবেনা।
বাজার ঘুরে দেখা গেছে, রাজশাহীতে ছাগলের চামড়া ৫ থেকে ৩০ এবং গরুর চামড়া ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। তবে মৌসুমি ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি দামে চামড়া কিনেছিলেন। ফলে তারা বেশি লোকশানে পড়েছেন। যে কারণেই আড়তে বিক্রি করতে না পেরে অনেককেই ক্রয়কৃত চামড়া রাজশাহীর পদ্মা নদীতে ফেলে দিতে দেখা গেছে।
জানা গেছে, ঈদের আগেই চামড়া শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ করেছিল। সে নির্ধারণীতে রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা হয়েছিল প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা। আর রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায় দাম ধরা হয়েছিল প্রতি বর্গফুট ২৮-৩২ টাকা। ছাগলের চামড়ার দাম ধরা হয়েছিল প্রতি বর্গফুট ২৮-৩২ টাকা। এছাড়া চামড়ার দরপতন ঠেকাতে ঈদের তিনদিন আগে কাঁচা ও ওয়েট-বল্টু চামড়া রপ্তানির অনুমতিও দিয়েছিলো বাণিজ্য মন্ত্রণালয়।
ঈদের দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, চামড়া ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামও দিতে চাচ্ছিলেন না। চামড়া দেখে তারা নিজেরা ইচ্ছেমতো দাম নির্ধারণ করছিলেন। আর ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কোন দরকষাকষিও দেখা যায়নি। এক রকম নিজেদের নির্ধারণ করে দেয়া দামেই চামড়া কিনছিলেন ব্যবসায়ীরা। আর এবার চামড়া কিনতেও তাদের খুব একটা আগ্রহ দেখা যায়নি। এবার ব্যবসায়ীদের মাঝারি আকারের একটি গরুর চামড়া ৫০ থেকে ১৫০ টাকায় কিনতে দেখা গেছে। আর বড় আকারের গরুর চামড়া কিনেছেন সর্বোচ্চ ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকায়। ছাগলের চামড়ার দাম দেয়া হয়েছে ৫ টাকা থেকে ৩০ টাকা।
রাজশাহীর মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার গরু কোরবানীদাতা আনোয়ার বলেন, প্রায় লাখ টাকা দিয়ে ক্রয়কৃত গরুর চামড়ার দাম পেয়েছি ২৫০ টাকা। এ দামেও চামড়া কিনছিলেন না ব্যবসায়ী। একরকম জোর করেই তাকে চামড়াটা দেয়া হয়েছে। এদিকে দরদামে না হলে প্রকৃত ব্যবসায়ী চলে যাওয়ার পর কোথাও কোথাও সামান্য কিছু দাম দেশি দিয়ে মৌসুমি ব্যবসায়ীদের চামড়া কিনতে দেখা গেছে। কিন্তু সেসব চামড়া আর কেনা দামেও তারা বিক্রি করতে পারেননি। এতে তারা লোকসানে পড়েছেন।
এমন লোকশানে পড়া কয়েকজন ব্যবসায়ীকে গত রোববার রাজশাহী নগরীর আই বাঁধ থেকে প্রায় দেড় হাজার গরু-ছাগলের চামড়া পদ্মা নদীতে ফেলে দেন। তবে তারা পরিচয় দেননি। পরে জানা যায়, তারা মৌসুমি ব্যবসায়ী ছিল। এসব ব্যবসায়ীরা জানান, রাজশাহীর বিভিন্ন গ্রাম-গঞ্জে ঘুরে তারা চামড়া কিনেছেন। তারপর সেগুলো বিক্রির জন্য রাজশাহী নগরীর রেলগেট এলাকায় চামড়ার আড়তে নিয়ে যান। কিন্তু লাভ তো পরের কথা, আড়ৎদাররা যে দামে কিনতে চান তাতে ক্রয়কৃত চামড়ার তিনভাগের এক ভাগও দাম পাচ্ছিলাম না। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখি, চামড়ার বাজার একই অবস্থা। কোথাও চামড়ার চাহিদা নেই। কোথাও থেকে ক্রয়কৃত চামড়ার অর্ধেক দামও পাবার সম্ভাবনা নেই। উপরোন্ত বিভিন্ন স্থানে পরিবহনে খরচ বাড়ছে। তাই ক্ষোভে এসব চামড়া নদীতে ফেলে দিচ্ছি।
এ বিষয়ে রাজশাহী চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আসাদুজ্জামান মাসুদ বলেন, আমাদের বকেয়া টাকা পড়ে আছে ট্যানারি মালিকদের কাছে। করোনার কারণে হাতেও টাকা নেই। সরকার কমিয়ে দাম নির্ধারণ করে দিলেও প্রকৃত ব্যবসায়ীদের কাছে সেই দামেও চামড়া কেনার টাকা নেই। ফলে কম দামে তারা চামড়া কিনেছেন।
তিনি জানান, মৌসুমি ব্যবসায়ীরা নিজেরা চামড়া প্রক্রিয়াজাতকরণ কিংবা ঢাকায় ট্যানারি মালিকদের কাছে পাঠান না। তারা কেনার পর সেই চামড়া আবার প্রকৃত ব্যবসায়ীদের কাছেই বিক্রি করেন। কিন্তু এবার তাদের কাছ থেকে চামড়া কেনার আগ্রহ নেই প্রকৃত ব্যবসায়ীদের। এ কারণে মৌসুমি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
এদিকে জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এবার রাজশাহী জেলায় কোরবানীর জন্য গরু-মহিষ ছিল প্রায় এক লাখ। আর ছাগল ছিল দুই লাখ ২৮ হাজার। এছাড়াও অন্যান্য পশু ছিল ৪২ হাজার। সব মিলে কোরবানীর জন্য পশু ছিল ৩ লাখ ৭০ হাজার। বিপরীতে এ জেলায় কোরবানীর জন্য চাহিদা ছিল প্রায় আড়াই লাখ পশুর। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রকৃত হিসাব পাওয়া যায়নি।