ঈদের ছুটি শেষে মোটরবাইকে কর্মস্থলে যোগদানের প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর কর্মচারী মোহাম্মদ ইয়াসিনের (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ আগষ্ট মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়ার চরবাঘুয়ার বাড়ি থেকে রাজেন্দ্রপুর কর্মস্থলে যাবার পথে উত্তর খামের নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হয়। থানা পুলিশ রাস্তার পাশে পানি থেকে তার লাশ উদ্ধার করেছে। এ নিয়ে গত চারদিনে কাপাসিয়ায় সড়কে ৩জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
মৃত ইয়াসিনের ভাতিজা আসাদুজ্জামান জানায়, উপজেলার বারিষাব ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র মোহাম্মদ ইয়াসিন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় বিমান বাহিনীর বেসামরিক কর্মচারী অফিস সহায়ক হিসাবে চাকুরী করতেন। গত প্রায় ৩০ বছর যাবত সে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে এসে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে কাপাসিয়া-মনোহরদী সড়কের ওই স্থানে মহিউস সুন্নাহ্ মসজিদ ও মাদরাসার সামনে এলে অজ্ঞাতনামা কোন পরিবহন হয়তো তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে সে রাস্তার পূর্বপাশে ঝিলে পড়ে যায়। ঘটনার পর পর জানাজানি হলে হ্যালমেট পরিহিত অবস্থায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন। মৃত ইয়াসিনের স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রয়েছে।
থানা পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা যে কোন অজ্ঞাতনামা যানবাহন হয়তো মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। উদ্ধারকৃত লাশের গায়ে দাপ্তরিক পোষাক পড়াছিল। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়েছিল এবং সাথে অফিসের একটি পরিচয় পত্র পাওয়া যায়। এতে তাকে সহজেই সনাক্ত করা গেছে এবং তার চোখ ও নাকের কাছে মারাত্বক আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মৃত্যুর কারন তদন্ত করে দেখা হবে।
উল্লেখ, ঈদের দিন থেকে গত ৪ দিনে কাপাসিয়ার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঈদের দিন দুপুরে চাঁদপুর সড়কের সৈয়লবাড়ি মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাওনাট এলাকার মোমতাজ উদ্দিন পলানের পুত্র যুবদল নেতা মাসুদ পলানের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর দিকে সোমবার ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের আমরাইদ বাজার সংলগ্ন স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সিনদাচানপুর গ্রামের মৃত রমজান আলী পুত্র রুমন (২৮) নামে এক গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু ও একই পরিবারের ৪ জন আহত হয়েছে।