দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, গুরত্বপূর্ণ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে ছবি তুললেই নিজের কুৎসিত চেহারাকে লুকানো যায় না। সম্প্রতি বিভিন্ন রাঘব বোয়ালরা বিভিন্ন পরিচয় প্রদান করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশে সুযোগ নিয়ে ছবি তোলার পরও নিজের কুৎসিত চেহারা ঢাকতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর এর প্রমাণ তিনি বারবার রাখার চেষ্টা করছেন। এক কথায় করোনা-বন্যার মত বৈশ্বিক সংটেও দেশকে টিকিয়ে রেখেছেন শেখ হাসিনা।
২৯ জুলাই ২০২০ বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলায় ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৯ জনকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৯ লাখ টাকার চেক, নন এমপিওভুক্ত মাদ্রাসার ২৪৮ জন শিক্ষককে ৫ হাজার টাকা ও ৪৬ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৩ জনকে ২৬ বান টিন ও ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকার চেক, উপজেলার ৪ জন ভিক্ষুককে প্রয়োজনীয় মালামালসহ ৪টি দোকান ঘরের চাবী হস্তান্তর এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে আরইআরএমপি প্রকল্পের আওতায় ১২৮ জন মহিলা শ্রমিককে দুই মাসের বেতন ১১ লাখ ৩ হাজার ৩শ টাকা নগদ বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এসময় ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এস এম জাকিউর রহমান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।