দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর ও জমি বরাদ্দ পাচ্ছেন রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর আদিবাসীপাড়ার বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি। গত (২৮ জুলাই) মঙ্গলবার রাতে রাজশাহীর তানোর ইউএনও সুশান্ত কুমার মাহাতো ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে নাইকা মার্ডির বাড়িতে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।
প্রসঙ্গ, ৪৯ বছর পরও ঠাঁই খুঁজছেন মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি। সংবাদ শিরোনামে গত ২৬ ও ২৭ জুলাই দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশিত প্রকাশিত হয়। সংবাদে বলা হয় বিগত দশ বছর ধরে রাজনৈতিক নেতাকর্মী ও ভূমি অফিসে ধর্ণা দিয়েও বসতবাড়ির মাত্র ৬ শতক খাস জমি নিজের নামে করতে পারেননি নাইকা মার্ডি। ফলে ৪ সন্তানের ভবিষৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভূমিহীন ‘বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি’।
এহেন সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) স্বীকৃতি প্রামানিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে দূর্যোগ সহনীয় একটি ঘর ও জমি দেয়ার নীতিগত সিদ্ধান্তও নেন ইউএনও।
এসংক্রান্ত ব্যাপারে আজ (২৯ জুলাই) বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো এই প্রতিবেদককে বলেন, ‘সংবাদটি দেখার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয়া হয়। এরপর মঙ্গলবার রাতে ওই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি দূর্যোগ সহনীয় ঘর ও সরকারি খাস জমি বন্দোবস্ত দেয়ার সিদ্ধান্ত ব্যাপারে অবগত করে অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে তাঁকে জানানো হয়েছে।
এনিয়ে নাইকা মার্ডি বলেন, অনেক আগেই মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধে লাল-সবুজের পতাকা অর্জনে বেশ অবদান ছিল। ফলে তার অর্জন বৃথা যায়নি। এত দিন পর হলেও সাংবাদিক ভাইদের লিখনিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর ও জমি বরাদ্দ পাচ্ছি। এতে আমি ও আমার পারিবার ইউএনও স্যার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভীষণ খুশি।