বরিশালের রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেছেন, সারাদেশে জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে, ওরা আর এ দেশে মাথা চারা দিয়ে উঠতে পারবেনা। তারপরেও জঙ্গিরা যেন কোনভাবেই একত্রে সংগঠিত হতে না পারে, সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এ ব্যাপারে বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারদের ইতোমধ্যে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল পুলিশ লাইনস্থ কম্পাউন্ডে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে আইন শৃঙ্খলা ও জঙ্গিদের সংগঠিত হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। অপরদিকে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার পুলিশের প্রতিপাদ্য এ শ্লোগান নিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বিভাগের ছয় জেলাসহ বিভিন্ন উপজেলার থানা এলাকায় কমপক্ষে ১০ থেকে ১২টি ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করার পাশাপাশি বরিশাল জেলার ১০ থানা এলাকার কমপাউন্ডে ২ হাজার ফলজসহ ওষুধি চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মহিউল ইসলাম (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, সরদার ফরহাদ হোসেন প্রমুখ।