লম্বা বিরতিতে কিছুটা তো মরচে ধরেছেই। মাঠে নেমেই এনামুল হক টের পেলেন, মানিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে। তরুণ এই কিপার-ব্যাটসম্যান জানালেন, একক অনুশীলনে তার প্রথম দিনটা ছিল বেশ কষ্টকর। ঈদের আগে সোমবার ও মঙ্গলবারই শুধু অনুশীলন হওয়ার কথা। সোমবার প্রথম মাঠে অনুশীলন করেন এনামুল। পরে জানান, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে কতটা ভুগতে হয়েছে তাকে। “চার মাসের বেশি সময় পর মিরপুরে অনুশীলন করার সুযোগ পেলাম। মিরপুরে অনুশীলন করতে পেরে খুবই ভালো লাগছে। তবে অনেক কষ্ট হয়েছে আজকে।” “কারণ, ইনডোরে অনুশীলন করি বা যেখানেই অনুশীলন করি মাঠের অনুশীলনটা আসলে স্পেশাল। এজন্য কষ্ট হয়েছে কিছু। তবে এভাবে নিয়মিত করব। ঈদের আগে যতটুকু করতে পারি, আর ঈদের পর নিয়মিত করতে থাকব।” ক্রিকেটারদের অনুরোধে গত ১৯ জুলাই থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। ঈদের পর আরও বড় আকারে ক্রিকেটারদের অনুশীলন করার সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিবি।