দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-আযহা বা শ্রেষ্ঠ ধর্ম মুসলমানদের কোরবানি ঈদ। এ ঈদকে সামনে রেখে বিভাগীয় শহর রাজশাহী অঞ্চলের সবেচেয় বড় পশুর হাট খ্যাত সিটি হাট এখনো জমে উঠেনি। হাটে পর্যাপ্ত পশু থাকলেও বেচাকেনা নেই বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, করোনা ভাইরাসের কারণে জেলার বাইরের ব্যবসায়ীরা পশু কিনতে আসছেন না। শেষ পর্যন্ত হাট জমবে কি-না এমন আশঙ্কায় হাটের ওপর ভরসা করতে পারছেন না রাজশাহীর জেলার গরু খামারিরা। এমন পরিস্থিতিতে প্রত্যাশিত লাভ করতে পারবে কি-না সে চিন্তায় তারা ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এখানকার খামারি ও পশু ব্যবসায়ীদের। তাই হাটের অপেক্ষায় না থেকে অনেক খামারিরা মুঠোফোনের মাধ্যমে পরিচিতদের কাছে বার্তা প্রেরণ করেও পশু বিক্রির চেষ্টা করছেন।
বর্তমান পরিস্থিতি বুঝে হাটে পশু তোলার সিদ্ধান্ত নিবেন উল্লেখ করে পুঠিয়া উপজেলার খামারি আশরাফুল বলেন, ‘বর্তমানে পশুর খাদ্যের অতিরিক্ত মূল্য। এ ছাড়া অন্যান্য খরচ মিলে গরু লালন-পালনে ব্যয় বেড়েছে। ফলে দাম পেলেই কেবল পশু হাটে তুলব। অন্যথায় হাটে নিয়ে অবিক্রিত হয়ে ফেরৎ আসলে পরিবহনের অতিরিক্ত খরচ বেড়ে পশুর উৎপাদন মূল্য বৃদ্ধি হবে। ফলে লোকসানের পরিমানও বাড়বে। যে কারণে প্রতিনিয়তই হাটের খবর রাখছি।’
অপর খামারি শাহীন বলেন, ‘আমার কোরবানিযোগ্য ১৫টি গরু আছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার গরু ব্যবসায়ীদের হদিস মেলানো দায় হয়ে পড়েছে। ফলে উৎপাদিত পশুর অধিক লাভ পাওয়ার প্রত্যাশা ছেড়ে এবার নায্যমূল্য পেলেই খুশি হব।’
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অন্তিম কুমার সরকার জানান, রাজশাহী জেলায় কোরবানির ঈদে দুই লাখ গবাদিপশুর প্রয়োজন পড়ে। বিপরীতে এবার প্রায় সাড়ে তিন লাখ কোরবানির জন্য উপযুক্ত পশু উৎপাদিত হয়েছে। কিন্তু এমন মহামারি পরিস্থিতির কারণে হাট কেন্দ্রীক সংক্রমণ ঝুঁকি এড়াতে রাজশাহীর বড় খামারিদের অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিয়েছি।
এক সমীক্ষায় জানা গেছে, করোনার কারণে আর্থিক সঙ্কটে রয়েছেন মধ্যবিত্ত শ্রেণি। যারা সাধারণত একাধিক ভাগে কোরবানি দিয়ে থাকেন। ফলে তাদের অনেকেই এবার কোরবানি দিতে পারা নিয়ে সংশয়ে রয়েছেন। এতে করে কোরবানির পশু বিক্রি কম হচ্ছে।
এদিকে রোববার (২৬ জুলাই) সন্ধা পর্যন্ত সরেজমিনে রাজশাহী সিটি হাটে আগতদের বেশিরভাগদের মুখে মাস্ক না পরাসহ সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। আর মুখে মাস্ক না থাকলে ক্রেতা-বিক্রেতাকে হাটে প্রবেশে নিষেধ থাকার বিষয়ে কোন তদারকি লক্ষ্য করা যায়নি। হাটের প্রবেশ মুখে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণকারী যন্ত্রের ব্যবস্থা চোঁখে পড়েনি। হাটের মধ্যে একটি পশু থেকে আরেকটির দুরত্ব পাঁচ ফুট থাকার নিয়মও মানা হচ্ছে না। এ বিষয়ে পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সচেতন সমাজ।
এ বিষয়ে ‘সিটি হাট’ ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, ‘মাস্ক পরার জন্য সার্বক্ষনিক বললেও সকলেই মানতে চাচ্ছেন না। এবার দেশি গরুর প্রাধান্যই বেশি। অল্প কিছু ভারতীয় গরু বিভিন্নভাবে এসেছে। কিন্তু বেচাকেনা খুবই খারাপ। শেষ সময়েও হাট জমছে না। ফলে এলাকার খামারিরা বেশি দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘হাটে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। তবে স্বাস্থ্যবিধি মানার জন্য এখন থেকে হাটের দিন লোক পাঠানো হবে।’
অন্যদিকে সরেজমিনে দেখা যায়, কাঁদা ও সম্পূর্ন নোংরা অস্বাস্থ্যকরভাবে হাটটি পানিতে তলিয়ে রয়েছে। যে কারণে হাট সংশ্লিষ্টরা অভিযোগ তুলে বলছেন, এই হাট থেকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বছরে কোটি টাকার উপরে রাজস্ব পেলেও হাটের কোন উন্নয়ন করা হয়নি। দেখতেই পাচ্ছেন সম্পূর্নহাট কাঁদা পানিতে তলিয়ে রয়েছে, বর্তমান পরিস্থিতিতেও এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন কোন উদ্যোগ নেননি। আর এখনও সিটি হাটেই ফেলা হচ্ছে গোটা শহরের ময়লা আবর্জনা থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য।
এ বিষয়ে জানতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন জানান, ‘হাটে হাঁটু পর্যন্ত কাদা। আমি নিজেই গরু কিনতে গিয়ে দেখেছি। বিষয়টি কেনো সংস্কারের তালিকায় আসছে না, তা জানার জন্য ঠিকাদারকে মেয়র স্যার ডেকেছিলেন। আশা করছি দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।