নীলফামারীর সৈয়দপুরে শহীদ জহুাংল হক সড়কে অভিযান চালিয়ে ৩ গোডাউন থেকে ৬০’টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত পলিথিন জব্দ করাসহ ৩জন ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ জুলাই র্যাব-১৩ সিপিসি-২, এনএসআই এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে যৌথভাবে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির এবং মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার এনএসআই’র উপ-পরিচালক খালিদ হাসান, র্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার ইমরান খানসহ যৌথবাহিনীর সদস্যরা। জানা যায়, শহরের ওই সড়কের ৩ গোডাউন মালিক সাবদার হোসেন, আবদুর রশিদ ও ইমরান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা করে আসছিল। উপজেলাসহ বিভিন্ন জেলায় তারা পলিথিন বাজারজাত করে থাকে। ঘটনার দিন এনএসআইয়ের দেয়া তথ্যে ও পরিকল্পনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক কাজী সাইফুদ্দীন উদ্ধারকৃত মালামাল জব্দ করে রংপুর অফিসে নিয়ে যান। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ আইন মোতাবেক গোডাউন মালিকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৬ মাসের জেল দেয়া হয়।