জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবনার চাটমোহরের বিভিন্ন বিলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকতেখারুল ইসলাম বৃহস্পতিবার উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় প্রায় ১৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও বাদাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা। এ সময় ২ জন মৎস্য শিকারীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন,হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া সাইদুল ইসলাম ও আকাশ হোসেন। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পোড়ানো হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য জর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।