মুজিববর্ষের আহবান, গাছ লাগাই বাড়াই বন। এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রোববার জেলা কার্যালয়ে চারাগাছ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাহবুবুল আলম। এ সময় তিনি নীলফামারী জেলার ৬ উপজেলার জন্য বরাদ্দকৃত ফলজ এবং ওষুধি চারাগাছ উপজেলায় দায়িত্বে থাকা অফিসারদের হাতে তুলে দেন। চারা বিতরণকালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রতিটি জেলায় ১ হাজার করে গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এ সময় তিনি বলেন, দেশের সার্থে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সকলকে গাছ লাগাতে হবে। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন, নীলফামারী সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরবানু আক্তার, কিশোরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্পনা রানী, জলঢাকা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নাহার বেগম, ডোমার উপজেলার রুবেল ইসলাম, ডিমলা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মায়া বেগম ও আনসার বাহিনীর গোয়েন্দা শাখার নীলফামারী জেলা মনিটরিং সদস্য গোলাম রববানী প্রমুখ।