নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় তার ভাই সাদ্দাম হোসেন (৩০) নামে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুজনেই ওই গ্রামের নাছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের তালগাছে লাগানো একটি বাঁশ সরাতে গিয়ে বিদ্যুতের তারের ওপর পড়ে লিটন হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে সহোদর সাদ্দাম হোসেনও জড়িয়ে যান। তাদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেন ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু। তিনি বলেন, আহত অপরভাই রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।