পাবনার সুজানগরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ওই ম্যুরাল উদ্বোধন করেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আবদুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল কাদের রোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ সরদার, ডেপুটি কমান্ডার আবদুল হাই ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুস সাত্তার প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য উপজেলা পরিষদের রাজস্ব খাতের অর্থায়নে ৬লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে ওই ম্যুরাল নির্মাণ করা হয়। ম্যুরালটি উপজেলা পরিষদের অভ্যন্তরে নির্মিত হওয়ায় বাঙালি জাতির জীবনে গুরুত্বপূর্ণ ও বিশেষ দিনে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পমাল্য প্রদানের সুযোগ সৃষ্টি হলো।