হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগরে পদ্মা নদীর তিনটি পয়েন্ট থেকে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। রাজবাড়ী জেলার প্রভাবশালী বালু ব্যবসায়ী দীপক কুমার কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান শরীফ ওই বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পয়েন্ট দু’টি হলো উপজেলার সাগরকান্দী ইউনিয়নের চরজাজিরা ও চর-নরসিংহদিয়া মৌজা এবং নাজিরগঞ্জ ইউনিয়নের খাসচরপদ্মামৌজা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, পাবনা জেলার ম্যাপ এবং সুজানগর উপজেলার জুরিডিকশন অনুযায়ী চরজাজিরা ও চর-নরসিংহদিয়া মৌজা উপজেলার সাগরকান্দী ইউনিয়নে এবং খাসচরপদ্মামৌজা নাজিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত। যার জেএল নং যথাক্রমে ১৯৪, ১৯৫ ও ১৭৮। অথচ দীপক কুমার কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান শরীফ ওই তিনটি মৌজা রাজবাড়ী জেলার ভৌগলিক সীমারেখার মধ্যে অবস্থিত দাবি করে সেখান থেকে অবৈধভাবে প্রতিদিন লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করছে। শুধু তাইনা এ ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে বালু উত্তোলন করছে। হাইকোর্টে আবেদনকারী স্থানীয় বড়খাপুর গ্রামের হুমায়ন কবির জানান, তিনি ওই তিনটি মৌজা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত ৯মার্চ আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদনের গুরুত্ব বিবেচনা করে ওইদিনই বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু ওই দীপক কুমার কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান শরীফ ওই নিষেধাজ্ঞা গ্রাহ্য করছেন না। এ ব্যাপারে ওই শরীফ বলেন আমি অবৈধভাবে বালু উত্তোলন করছিনা। এমনকি হাইকোর্টের নিষেধাজ্ঞাও উপেক্ষা করছিনা। রাজবাড়ী জেলা প্রশাসকের কাছ থেকে ওই তিনটি মৌজা বালুমহাল হিসেবে লিজ নিয়ে বালু উত্তোলন করছি। তবে এ বিষয়ে জানতে রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই। এদিকে চলতি বর্ষা মৌসুমে ওই তিনটি পয়েন্ট থেকে শক্তিশালী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বড়খাপুর এবং হাসামপুর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হাসামপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দা আবদুল আওয়াল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে বড়খাপুর এবং হাসামপুর গ্রামের শতাধিক বাড়ি-ঘর এবং শত শত বিঘা ফসলী জমি ভাঙনের মুখে পড়েছে। বালু উত্তোলন অব্যাহত থাকলে চলতি বর্ষা মৌসুমেই ওই সকল বাড়ী-ঘর এবং ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।