করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে পবিত্র ঈদুল-আযহাকে সামনে রেখে পাবনার সুজানগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের দিন যত ঘনিয়ে আসছে উপজেলার হাট-বাজারে তত বেশি কোরবানির পশু আমদানি হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর নির্দিষ্ট তিনটি পশুর হাট ছাড়াও আরো তিনটি হাট-বাজারসহ মোট ছয়টি স্থানে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। হাট-বাজারগুলো হলো সুজানগর পৌর বাজার হাট, রাইপুর হাট, শ্যামগঞ্জ হাট, মানিকহাট হাট, কাদোয়া হাট ও সাতবাড়ীয়া বাজার পশুর হাট। ঈদের এখনও বেশ কয়েকদিন দেরি থাকলেও পৌর বাজার হাটসহ উপজেলার সকল হাট-বাজারে প্রচুর পরিমাণে গরু-ছাগল ও মহিষ উঠছে। স্থানীয় গৃহস্থদের পাশা-পাশি কোরবানির পশু ব্যবসায়ীরাও হাট-বাজারে গরু-ছাগল ও মহিষ নিয়ে আসছেন। এবার হাট-বাজারে ভারতীয় গরুর চেয়ে দেশি গরু চোখে পড়ার মতো। উপজেলার অধিকাংশ হাট-বাজারে দেশি গরু-ছাগল বেশ আমদানি হচ্ছে। তবে হাট-বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। গত রোববার পৌর বাজার হাটে গরু বিক্রি করতে আসা গৃহস্থ উপজেলার কাদোয়া গ্রামের আবদুর রহমান জানান তিনি দু’টি ষাঁড় গরু নিয়ে বাজারে গিয়েছিলেন। কিন্তু তেমন দাম হয়নি। ২/৪জন দাম বললেও সেটা বেচা-বিক্রির মতো দাম নয়। ফলে তিনি ষাঁড় দু’টি বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। একই হাটে বিশাল একটি ষাঁড় গরু নিয়ে আসা গৃহস্থ উপজেলার মসজিদপাড়া গ্রামের শাহীনুর রহমান জানান, বাজারে ষাঁড়টি নিয়ে যাওয়ার পর শত শত মানুষ এক নজর দেখার জন্য ভীড় করেছিল। কিন্তু কেউ তেমন দাম বলেনি। ২/১জন ক্রেতা দাম বললেও তা লালন-পালন খরচের চেয়ে অনেক কম। ফলে তিনি ষাঁড়টি বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। স্থানীয় গরুর বেপারী নাদের হোসেন বলেন হাট-বাজারে প্রচুর গরু-মহিষের আমদানি হচ্ছে। কিন্তু আমরা কিনে সাহস পাচ্ছিনা। কারণ করোনার কারণে দেশের বড় বড় হাট-বাজারে তেমন ক্রেতার দেখা মিলছেনা। তবে পৌর হাট ইজারাদার আবদুস সালাম বলেন ঈদের ৫/৭দিন আগে কোরবানির পশুর চাহিদা এবং দাম বৃদ্ধি পাবে। কেননা এখনও সময় হাতে থাকায় ক্রেতারা পশু না কিনে হাট-বাজার ঘুরে বাজার যাচাই করছেন।