প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেয়েছেন দিনাজপুরের পার্বতীপুরে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ৪৮৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। ২০১৯-২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ অনুদান খাতে এই উপহার প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৪৮৩ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীকে মোট ১৯ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকসানা বারি রুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা মিরাজুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার বিভাষ বর্মন ও বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, করোনায় উপজেলার নন-এমপিও শিক্ষকরা কর্মজীবী মানুষের মতো কষ্টের মধ্যে দিনাতিপাত করছিলেন। তাঁদের সুখ-দুঃখের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার এক দৃষ্টান্ত দেখালেন।