পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে বৃহস্পতিবার পর্যন্ত ৭১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এদের মধ্যে সুজানগর পৌরসভায় ১০জন এবং উপজেলার অন্যান্য গ্রামে ১৬জনসহ মোট ২৬জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, গত দুই মাসে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নানা বয়সী সাড়ে ৭‘শ মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৭১জনের রক্তে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নজরদারিতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল বাকি জিসান জানান হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া ওই ৭১জনের মধ্যে ২৬জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাদের করোনা নেগেটিভ ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আক্রান্ত বাকি ৪৫জনকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তার শরীফুল ইসলাম বলেন আক্রান্ত যে ৪৫জনকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আশা করছি আগামী সপ্তাহেই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।