কাওমি মাদ্রাসা ও মসজিদের ইমামদের আর্র্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। আর ১৯৭২ সালের সংবিধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে গেছেন। বর্তমান সরকারও এর ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। কেননা সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধ পরিকর। আর করোনা দুর্যোগ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কাওমি মাদ্রাসা ও মসজিদের ইমামদের আর্র্থিক অনুদান প্রদান করেছেন। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে যাবে।
গতকাল ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদত্ত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, কবরস্থান ও শ্মশান এর অনুকূলে অনুদানের অর্থের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি ৩৯টি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, কবরস্থান ও শ্মশান এর অনুকূলে ১৮ লাখ ৮০ হাজার টাকা অনুদানের অর্থের চেক প্রদান করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সচিব মো. নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায় প্রমুখ।