মঙ্গলবার সকাল ৯টা থেকে বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে উপনির্বাচনে জাল ভোট দিতে গেলে দুই স্কুুুুলছাত্রকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে সোনাতলা নাজির আকতার কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়েছে। স্কুল ছাত্ররা হলো ফাহিম আহম্মদ ও মিনহাজ। তারা দুজনেই স্থানীয় একটি স্কুুুুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বেলাল হোসেন।
এদিকে উপনির্বাচনটিতে অংশ নিচ্ছে না বিএনপি। তবে এতে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫ প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মোহাম্মদ রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।
বগুড়া-১ আসনে ১২৩টি ভোট কেন্দ্র। সারিয়াকান্দি ও সোনাতলা এ দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন ভোটারের মধ্যে সারিয়াকান্দি উপজেলায় এক লাখ ৭৭ হাজার ৩৫২ জন ও সোনাতলা উপজেলায় এক লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ এক লাখ ৬২ হাজার ৩৩২ জন ও নারী এক লাখ ৬৮ হাজার ৫৮৬ জন।
উল্লেখ্য যে, আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুর পর বগুড়া-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত