নীলফামারীর সৈয়দপুরে মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের সদস্য ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সেলিমকে গ্রেপতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ১১ জুলাই রাতে শহরের আতিয়ার কলোনীর বালুরেন্স ক্যাম্প সংলগ্ন রেলওয়ে কোয়াটার থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম ওই এলাকার রেলওয়ে কোয়াটার দখলকারী নাদিম ও গুরিয়া দম্পতির ছেলে। ইতোপূর্বেও সে মাদক মামলা ও গৃহবধুকে উত্ত্যক্ত করার ঘটনায় অন্যের বাড়িতে স্টিলের আলমিরাতে লুকে থাকা অবস্থায় আটক হয়েছিল।
জানা যায়, গত মে মাসে শহরের কয়ানিজপাড়ায় একটি বাড়ি থেকে কেচিগেট কেটে ২টি মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই দীলিপ কুমার রায় সন্দেহভাজন আসামি হিসেবে গত সপ্তাহে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া থেকে ভলু নামে এক যুবক কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী কয়েকজনকে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। সে তথ্যানুযায়ী সেলিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপর সন্দেহভাজন রাহাত লোহানী পলাতক থাকে।
সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ আবুল হাসনাত খান জানান, সেলিম প্রাথমিক জিজ্ঞেসাবাদে মোটর সাইকেল চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যানুযায়ী জড়িত অন্যান্যের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।