বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছে ১২ সদস্যের ডেল্টা কাউন্সিল, যা একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। উল্লেখ্য, জীবনের জন্য অপরিহার্য ও অত্যাবশ্যক পানি ব্যবস্থাপনা শুধু বাংলাদেশ নয়, বরং সমগ্র বিশ্বের জন্যই অপরিহার্য। কেননা, মানুষের মাথাপিছু সুপেয় পানির প্রাপ্যতা, চাষাবাদের পানিসহ শিল্পোৎপাদনে পানির প্রাপ্যতা দিন দিনই কমছে। নদ-নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে দিন দিন। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। উপকূলীয় অঞ্চলে পানিতে লবণাক্ততা বাড়ছে। তদুপরি তীব্র হয়ে দেখা দিয়েছে নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্বিপাক, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস ইত্যাদি। এসব সমস্যা মোকাবেলায় ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বন্যা, নদী ভাঙ্গন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সর্বোপরি বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার জন্য অন্তত শত বছরকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ‘বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান-২১০০’ অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এর অধীনে আপাতত ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য অন্তত ৮০টি প্রকল্প গ্রহণ করবে সরকার। মূলত এর জন্যই গঠিত হয়েছে ডেল্টা কাউন্সিল। ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিকনির্দেশনা দেবে ডেল্টা কাউন্সিল।
জনশ্রুতিতে বাংলাদেশে আট শতাধিক নদীর কথা শোনা গেলেও বর্তমানে কায়ক্লেশে টিকে আছে ৭১০টি। এর মধ্যে ৩শ’ বড় নদী এবং ৪শ’ শাখা নদী-উপনদী। ৫৭টি নদী আন্তর্জাতিক হিসেবে পরিচিত। এর মধ্যে ৫৩টি ভারত থেকে প্রবাহিত, মিয়ানমার থেকে ৩টি এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবাহিত ১টি নদী। সত্যি বলতে কি, কোনটির অবস্থাই ভাল নয়। ফারাক্কা-গজলডোবাসহ নানা বাঁধ ও ব্যারাজে স্বাভাবিক প্রবাহ অবরুদ্ধ প্রায়। তদুপরি প্রতিনিয়ত দখল-দূষণে জর্জরিত- দেশে ও বিদেশে সমানভাবে, ভূমিদস্যু ও জনমানুষ কর্তৃক। বাংলাদেশসহ উপমহাদেশে নদীর প্রবাহ সচল রাখাসহ নদী রক্ষায় নূন্যতম সচেতনতা নেই বললেই চলে। যে কারণে ইতোমধ্যেই শতাধিক নদী বিলীন হয়ে গেছে। বাকিগুলোরও যায় যায় অবস্থা। এমনকি দেশের অভ্যন্তরে প্রবাহিত ৪০৫টি নদী অবৈধ দখলদারদের কবলিত হওয়ায় মানচিত্রে সেগুলোর অবস্থান প্রায় হারানোর উপক্রম। নদ-নদী শুকিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে কৃষকের। বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশে। মরে যাচ্ছে গাছপালা। হারিয়ে যাচ্ছে সবুজ নিসর্গ প্রকৃতি। রীতিমতো হুমকির সম্মুখীন হচ্ছে মৎস্য প্রজাতি, প্রাণিকুল ও জীববৈচিত্র্য। নদী দখল ও দূষণ প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নৌপথ সচলের পাশাপাশি সারা বছর নদীর নাব্য রক্ষাসহ সেচ সুবিধা ও চাষাবাদ অপেক্ষাকৃত সহজ এবং সম্প্রসারিত হবে নিঃসন্দেহে। ইলিশসহ মাছের উৎপাদনও বাড়বে।
বাংলাদেশের অভ্যন্তরে ৮ শতাধিক নদ-নদী এবং ৫৭টি আন্তঃদেশীয় সংযোগ নদী রয়েছে। এগুলোর সঙ্গে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, সিকিম, এমনকি চীনও জড়িত। সুতরাং আন্তঃদেশীয় পানি ব্যবস্থাপনা ও সুষম বণ্টনের ক্ষেত্রেও এসব দেশের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পানিসম্পদের সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনার জন্য উন্নয়ন সহযোগী ১২টি দেশের সহযোগিতায় ‘বাংলাদেশে ডেল্টা প্ল্যান (বিডিপি) ২১০০’ নামে যুগান্তকারী একটি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘমেয়াদী সমন্বিত এই পানি ব্যবস্থাপনা পরিকল্পনায় আগামী এক শ’ বছরে পানির প্রাপ্যতা, এর ব্যবহারসহ প্রতিবেশ ও পরিবেশগত বিষয়সমূহ বিবেচনায় রাখা হয়েছে। মনে রাখতে হবে যে, নদী না বাঁচলে বাঁচবে না বাংলাদেশ, ভারত ও প্রতিবেশী দেশগুলো। সে অবস্থায় নদ-নদীর সুরক্ষায় সংশ্লিষ্ট সব দেশেরই এগিয়ে আসা আবশ্যক।